দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এ বিশেষ সম্মাননা পেয়েছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম শাহরিয়ার কবীর।
রাজধানীতে এ.ডি মাল্টিমিডিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। বর্ণাঢ্য এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম শাহরিয়ার কবীর। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন গোলাম শাহরিয়ার কবীর দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতায় রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ, যমুনা ইলেকট্রনিক্স, বেঙ্গল গ্রুপ, মিনিস্টার-মাইওয়ান ও বেস্ট ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা। এসব প্রতিষ্ঠানে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত পারফেক্ট ইলেকট্রনিক্সের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।
মানসম্মত পণ্য, আধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে পারফেক্ট ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে স্মার্ট এলইডি টেলিভিশন, ফ্যান, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ। পাশাপাশি দেশজুড়ে ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় গোলাম শাহরিয়ার কবীর বলেন, “যেকোনো স্বীকৃতিই নতুন দায়িত্ববোধ তৈরি করে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফেক্ট ইলেকট্রনিক্সকে একটি নির্ভরযোগ্য বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। পণ্যের মান, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক নৈতিকতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।”
এ সময় তাঁকে সম্মানিত করার জন্য আয়োজক প্রতিষ্ঠান এ.ডি মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ স্বীকৃতি গোলাম শাহরিয়ার কবীরের পেশাগত পথচলায় নতুন অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি পারফেক্ট ইলেকট্রনিক্সের ব্র্যান্ড পরিচিতি আরও জোরদার করতে ভূমিকা রাখবে।
বিআলো/শিলি