রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবন ধসের ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কমিটির সদস্যরা ধসে পড়া পৌর ভবন চত্বরে গিয়ে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ধ্বংসস্তূপ ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা ভবনটির নির্মাণকৌশল, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান, নকশায় ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় প্রত্যক্ষদর্শী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তাঁরা।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম গণমাধ্যমকর্মীদের জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা নিরূপণে কমিটি গুরুত্বের সঙ্গে কাজ করছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে শিগগিরই তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, নির্মাণাধীন পৌর ভবনটি ধসে পড়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
The post পীরগঞ্জে পৌর ভবন ধস: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন appeared first on ভোরের চেতনা.
