পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকিতে তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
রোববার সকাল ৮টায় ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান শনিবার রাতে জানিয়েছিলেন, ঝুঁকি না কমা পর্যন্ত ওয়েবসাইট চালু করা হবে না।
তিনি বলেছিলেন, “প্রস্তুতি আছে খুলে দেওয়ার, তবে ঝুঁকি এখনো (রাত সাড়ে ৮টা) আছে। বিশ্বব্যাপী ঝুঁকি যতক্ষণ থাকবে ততক্ষণ চালু করা হবে না ওয়েবসাইট। আইটি টিম সার্বক্ষণিক সজাগ রয়েছে।”
তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা এরই মধ্যে ওয়েবসাইট পুনরায় চালুর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এ পরিস্থিতিতে গত ২১ অক্টোবর এক যৌথ বিবৃতিতে এসব ত্রুটি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট ইউরোপীয় সংস্থাগুলো।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা হালনাগাদ তাৎক্ষণিকভাবে করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েবসাইটগুলো সাময়িকভাবে জনসাধারণের প্রবেশাধিকার থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
এই সতর্কতার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
The post তিন দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
