কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাত জন। এরমধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের আট জন রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় অগ্নিকাণ্ডের ঘটে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল সাতটার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি।
এদিকে টুপটুপের ঘটনায়অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে বেলা ১টা পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
