নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় জেলায় সাতটি টহল দল ও সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শহরের রামকৃষ্ণ মিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।
তিনি জানান, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট এক হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তায় সাতটি টহল দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
এসআরবি-১১-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সমন্বয় সেলের মাধ্যমে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে।
এসআরবি-১১-এর অধিনায়ক জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খলতা দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
এ সময় তিনি গুজবে কান না দেওয়া, সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং পূজা উদযাপন কমিটিগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
