অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়।
আনুষ্ঠানিকভাবে ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে স্ভেরিজেস রিক্সব্যাংক পুরস্কার’ নামে পরিচিত এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি ৭৭ লাখ টাকার সমপরিমাণ। এ বছরের নোবেল পুরস্কারগুলোর মধ্যে এটিই সর্বশেষ ঘোষণা।
রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের সক্ষমতা বাড়িয়েছে। এসব মডেলের মাধ্যমে সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করে অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা ও ক্ষতিকর ওঠানামার তীব্রতা কমানো সম্ভব।
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানকারী কমিটির চেয়ারম্যান জন হাসলার এক বিবৃতিতে বলেন, ‘পুরস্কারজয়ীদের কাজ এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে, যার ওপর দাঁড়িয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার অর্থনৈতিক মডেল ব্যবহার করছে। এসব মডেলের মাধ্যমে জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় আমরা আরও ভালোভাবে প্রস্তুত।’
১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে এ পুরস্কার দেওয়া হয়। তবে এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে এ পুরস্কার চালু করে।
এ পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ বিভাগে এখন পর্যন্ত মাত্র তিনজন নারী পুরস্কার পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে সঙ্গে মজুরি ও কর্মসংস্থানে লিঙ্গের প্রভাব নিয়ে গবেষণার জন্য পুরস্কার পান ক্লডিয়া গোল্ডিন।
গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
