ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার সুমা (৫০) রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি সেখানে একাই থাকতেন। ফ্ল্যাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ‘ফ্ল্যাটে একা থাকা অবস্থায় তাকে কে বা কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।’
