কালবেলা · সাধারণ
দশম গ্রেডসহ ৩ দাবি প্রাথমিক সহকারী শিক্ষকদের
১৮/১০/২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকরা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ৩টি দাবি বাস্তবায়নের কথা বলা হয়েছিল। তবে প্রায় এক বছর পার হলেও এসব দাবির কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা আশা করি, ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
মূল প্রতিবেদনে যান ↗