একজনের নেতৃত্বে নতুন অধ্যায় শুরুর অপেক্ষা, অন্যজনের ফেরার প্রত্যাশা! কিন্তু দুজনের কাউকেই পাওয়া গেল না জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে। লিটন দাসের জন্য অপেক্ষা শেষ হয়েছে চোটের দুঃসংবাদে, আর মেহেদী হাসান মিরাজকে থামিয়ে দিয়েছে জ্বর। ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে একসঙ্গে দুই ধাক্কা খেল বাংলাদেশ।
আবুধাবিতে আজ টসের সময়ই প্রথম অস্বস্তির আভাস মিলেছিল। নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে টস করতে আসেন তাওহীদ হৃদয়। তখনই তার খেলা নিয়ে তৈরি হয় সংশয়। পরে জানা যায়, চোটের কারণে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নয়, পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্যে জানা যায়, ডান হিপ জয়েন্টের সমস্যার কারণে ফিটনেস পরীক্ষায় প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তার ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের পথচলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আপাতত দীর্ঘ হলো। তাঁর অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন নুরুল হাসান সোহান। ব্যাটিং ও নেতৃত্বের পরিকল্পনাতেও লিটনের শূন্যতা পূরণ করা বাংলাদেশের জন্য সহজ হবে না।
লিটনের অনুপস্থিতির সঙ্গে ম্যাচের আগে যোগ হয়েছে আরেকটি দুঃসংবাদ। একসময় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব সামলানো মেহেদী হাসান মিরাজও খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনে লিটন নিজেই মিরাজের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে।
মিরাজের না থাকার কারণ জানিয়ে বায়েজিদুল ইসলাম বলেন, ‘মিরাজ তিন দিন ধরে জ্বরে ভুগছে। একারণে আজ সে খেলতে পারছে না।’
মিরাজ না থাকলেও একাদশে স্পিনের বিকল্প রেখেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে রয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য থাকা মিরাজের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আফগানিস্তান। আগামী ২১ অক্টোবর শারজায় তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে জিম্বাবুয়ে ও আফগানিস্তান খেলবে নিজেদের ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
সাত বছর আগে, ২০১৯ সালে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটিই একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির সুযোগ সামনে। কিন্তু শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক লিটন ও অভিজ্ঞ অলরাউন্ডার মিরাজকে না পাওয়া নিঃসন্দেহে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে দলের জন্য!
তবে এই তারকাকে ছাড়াই মাঠে নেমে দারুণ লড়ে যাচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুরুতে বল হাতে নিয়ে দাপট দেখাচ্ছেন টাইগাররা। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের বিপক্ষে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৫৭ রান। তিনটি উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ।
