সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রবি চৌধুরী এ ঘটনার নিন্দা জানান। তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’
এর আগে আসিফ আকবরের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আরও কয়েকজন তারকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন।
তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত বিরোধের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রবি চৌধুরী।
