ভোরে সূর্যোদয়ের পর পরই চণ্ডীপাঠের পুণ্য ধ্বনি আর ঢাক-ঢোলের কাঁসিতে মুখরিত হয়ে উঠেছে জয়পুরহাটের মণ্ডপগুলো। এরই মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর মূল বিহিত পূজা-অর্চনা শুরু হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে শাস্ত্রীয় নিয়ম মেনে নবপত্রিকা স্থাপন, মহাস্নান এবং দেবী দুর্গার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মহাসপ্তমীর আনুষ্ঠানিক আচার শুরু হয়। ভক্তদের প্রার্থনা ও শ্রদ্ধার্ঘ্যে মুখরিত হয়ে উঠেছে জেলার প্রতিটি পূজামণ্ডপ।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় মোট ৩১০টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ১২১টি, পাঁচবিবিতে ৭৯টি, ক্ষেতলালে ৪২টি, কালাইয়ে ৩৮টি এবং আক্কেলপুর উপজেলায় ৩০টি মণ্ডপে পূজা আয়োজিত হয়েছে। পূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদান হিসেবে প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উৎসব যেন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাশাপাশি আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবক দলও সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
