অনলাইন ডেস্ক
ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। তাঁকে কোথায় রাখা হয়েছে, তা জানতে চেয়েছেন সিজেপি নেতারা।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।
সিজেপির দাবি, দিপককে আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে দলকে জানানো হয়নি। তাঁর সঙ্গে আইনজীবী বা দলের সদস্যদের যোগাযোগের সুযোগও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতা অজিঙ্কা শিন্ডে।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ কর্মসূচির আগে দিপককে তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবরও আটক হয়েছিলেন তিনি, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছিল সিজেপি। কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে পুলিশ দিপককে প্রতিবাদ আয়োজন না করতে নোটিশ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে আছেন। এদিকে কনট প্লেসে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
সূত্র: এএনআই, হিন্দুস্তান টাইমস
