ক্যানসারের চিকিৎসার ব্যয় কমাতে ১৩৭টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব ওষুধের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। খবর বাংলানিউজের।
এর ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচ কমবে এবং প্রয়োজনীয় ওষুধ কেনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। শনিবার ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ওপর ব্যবসায়ীদের মুনাফা ৩০ শতাংশের বেশি রাখা যাবে না। দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।
এর মধ্যে ইমিউনোথেরাপির ওষুধ ছাড়াও স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ রয়েছে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্তের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনছে দেশটির সরকার। এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে এনেছিল ভারত সরকার। ওই উদ্যোগে সংশ্লিষ্ট ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের উদ্যোগের ধারাবাহিকতায় এবার আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। এর মূল লক্ষ্য ক্যান্সারের চিকিৎসার ব্যয় কমানো এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা।

