অনুষ্ঠানে রাত ৮টার দিকে সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন আমেরিকাপ্রবাসী সবুজ সভার সভাপতি লায়লা খালেদা এবং সংগঠনের অন্যতম সংগঠক, চ্যানেল আইয়ের সিনিয়র এডিটর ও ক্রিটিক বাংলার সম্পাদক আদিত্য শাহীন।
ভার্চুয়াল বক্তব্যে লায়লা খালেদা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আজকের দিনে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই নিষ্পাপ শিশুদের মুখের অমলিন হাসি।” তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় শিশুদের সার্বিক বিকাশ এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবুজ সভা সবসময় নিরলসভাবে কাজ করে যাবে।
আদিত্য শাহীন তাঁর বক্তব্যে বলেন, সাংস্কৃতিক চেতনা ও সুশিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। শিশুদের মুখে হাসি ফোটাতে পারায় তিনি গভীর আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি, সাহিত্যিক ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্য বলেন, একটি মানবিক, সুন্দর ও সুস্থ সমাজ গঠনে সাহিত্য ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সবুজ সভার এ উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী আবু সাদ, সংগঠক ও নাট্য অভিনেতা শামীম আহমেদ, নাট্যকার বাচ্চু শেখ এবং রহমান স্মৃতি গণগ্রন্থাগারের কোষাধ্যক্ষ নাজমা আক্তারসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজনের শেষপর্বে শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। হাসি, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
The post লালমনিরহাটে শতাধিক শিশুর আনন্দ-উচ্ছ্বাস, সবুজ সভার আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা appeared first on ভোরের চেতনা.
