গোপালগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ।
ওসি জানান, ৫ সদস্যের একটি দল সেখানে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি গলি থেকে কয়েকজন স্লোগান দিয়ে মিছিল নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন। এতে এসআই ফুলমিয়া ও আরেক কনস্টেবল আহত হন। পরে হামলাকারীদের ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
