অনলাইনে বেটিং ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত চলার মাঝেই ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আগামীকাল থেকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ানের শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) হয়ে খেলবেন তিনি। দলটির অধিনায়কত্বও করবেন রিজওয়ান।
এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে অনুমতি পাওয়ার পর রিজওয়ানকে দলে ফেরানো হচ্ছে। শেষ রাউন্ডে খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিপক্ষে মাঠে নামবে এসএনজিপিএল।
আট দলের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে রিজওয়ানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল চলমান তদন্তের কারণে। ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়ার পর এসএনজিপিএলের দলে যোগ দিয়েছিলেন তিনি। শান মাসুদের অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল রিজওয়ানের।
তবে এসএনজিপিএলের অনুশীলনে অংশ নেওয়া এবং দলের সভায় উপস্থিত থাকার পরও রিজওয়ানকে ফিরে যেতে হয়। পিসিবি কর্তৃপক্ষ দলটির সঙ্গে যোগাযোগ করে তাঁকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। চলমান তদন্তের কথা উল্লেখ করে বোর্ড এই নির্দেশ দিয়েছিল। পরে বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানালে লাহোরে চলে যান রিজওয়ান।
সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, পিসিবি হস্তক্ষেপ করার আগে রিজওয়ানের ফিটনেস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছিল এসএনজিপিএল। তবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা পাকিস্তানের অন্য ক্রিকেটারদের একই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি।
এদিকে, চলতি সপ্তাহের শুরুতে রিজওয়ান ও পিসিবির মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের সূত্রগুলো। তবে প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি চেয়ে তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেননি। নেপাল প্রিমিয়ার লিগে অংশ নিতে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করতেই পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। টুর্নামেন্টটির একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তিও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
এসএনজিপিএল কর্তৃপক্ষও রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে দলের হয়ে খেলার অনুরোধ জানায়। ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেও নেপাল প্রিমিয়ার লিগে খেলার এনওসির বিষয়ে এখনো পিসিবির জবাবের অপেক্ষায় রয়েছেন তিনি।
সূত্রগুলোর ধারণা, প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর রিজওয়ানকে এনওসি দিতে পারে পিসিবি। পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা চলাকালে বিদেশি লিগে খেলার অনুমতি দিতে অনাগ্রহী বোর্ড।
