সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- ১৮ অক্টোবর, ২০২৬ ৭ বার পঠিত
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা জেলাতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাশয়ের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং পরিষ্কার – পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৭/১০/২০২৬ তারিখে সাতক্ষীরা সরকারি কলেজের জলাশয়ে (লেক) জেলা প্রশাসক, সাতক্ষীরার নেতৃত্বে শপথ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী বিশেষ পরিষ্কার – পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এর নেতৃত্বে পরিচালিত এ বিশেষ পরিষ্কার – পরিচ্ছন্নতা কর্মসূচিতে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিডি ক্লিন, সাতক্ষীরার স্বেচ্ছাসেবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ বিশেষ পরিষ্কার – পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় জলাশয়ের আবর্জনা ও বর্জ্য অপসারণসহ পরিবেশ পরিচ্ছন্ন করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে দীর্ঘদিন ধরে অবহেলিত ও মৃতপ্রায় জলাশয়ের নতুন প্রাণ ফিরে পায়। এর ফলে জলাশয়ের পরিবেশ ও নান্দনিক সৌন্দর্য পুনরুদ্ধারের পাশাপাশি এলাকাটিকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ রক্ষায় সম্মিলিত সামাজিক দায়িত্ববোধ জোরদার হবে বলে আশা করা যায়। জেলা প্রশাসন, সাতক্ষীরা পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে লেকটির সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিচর্যা, বর্জ্য নিক্ষেপ থেকে বিরত থাকা এবং সম্মিলিতভাবে এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

