গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেফালী বেগমের স্বামী শাহীন মিয়া।
এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী, প্রায় ছয় থেকে সাত মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এছাড়া গত প্রায় ছয় মাস ধরে শেফালীর মানসিক অবস্থাও ভালো ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। সিয়াম মিয়া (১৯) নামে তার এক ছেলে রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাবার বাড়িতে যান। শনিবার বাড়িতে ফিরে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী কয়েক দিন আগেই মারা গেছেন।
এসআই নাইম হায়দার আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
