নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজন নিহত হন। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
আজ রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত মিনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, জমিজমা নিয়ে বিরোধের জেরে জিয়া ও তাঁর চাচাতো ভাই মিনারুলের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে জিয়ার অন্য ভাইয়েরা মিনারুলকে মারধর করেন। মারধরে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘জিয়ার মৃত্যু কীভাবে হয়েছে, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এ জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত করা হবে। পুলিশ প্রাথমিক তদন্ত করছে।’

