চাকরিতে যোগদানের সময় কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা পরবর্তী সময়ে বিধি সংশোধনের মাধ্যমে কেড়ে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, চাকরির প্রবিধানমালা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষের থাকলেও সংশোধিত বিধি ভূতাপেক্ষভাবে কার্যকর দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত আইনি অধিকার ও সুবিধা কেড়ে নেওয়া যাবে না।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজন কর্মচারীর পদোন্নতিসংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্ট। গত ১৯ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
১৭ পৃষ্ঠার রায়টির পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি এ এফ এম সাইফুল করিম।
রায়ে হাইকোর্ট বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্তৃপক্ষের চাকরির প্রবিধানমালা সংশোধনের পূর্ণ ক্ষমতা রয়েছে। তবে সংশোধিত বিধি ভূতাপেক্ষভাবে কার্যকর করে কর্মকর্তা-কর্মচারীদের আগে থেকে অর্জিত আইনি সুবিধা ও অধিকার কেড়ে নেওয়া যাবে না।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আখন্দ।
এমএম/
