মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি এবং দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
তিনি জানান, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে একজন রোগীকে নিয়ে আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সটি। যাত্রাপথে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটে। এ অবস্থায় উড়োজাহাজটির পাইলট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি আরো জানান, পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও কন্ট্রোল টাওয়ারের দ্রুত তৎপরতায় এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে রোগী ছাড়াও দুজন ক্রু, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক ও দুজন অ্যাটেনডেন্ট ছিলেন।
অবতরণের পর ভারতীয় হাইকমিশন ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করেন।
