ভারতের বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই। রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী। চলছিল চিকিৎসা। গত ১৪ মাসে তাকে একাধিকবার কেমোথেরাপি দেয়া হয়। সম্প্রতি মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের অধীনে তার চিকিৎসা চলছিল।
স্বতন্ত্র রেখায় আলাদা পরিচয়: ছবিতে অভিনব রেখার ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার জন্য বিশেষ পরিচিত ছিলেন যোগেন চৌধুরী। তার আঁকার ধরন ছিল স্বতন্ত্র। রেখার টান ও আড়াআড়ি দাগের মাধ্যমও মানুষের শরীরের গঠন, আবেগ এবং মনের নানা অনুভূতি ফুটিয়ে তুলতেন তিনি। ভারতীয় আধুনিক চিত্রকলায় নিজের স্বতন্ত্র শৈলীর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন এই শিল্পী।
তবে চিত্রকলার জগতেই তার অবদান সীমাবদ্ধ ছিল না। শিল্পচর্চার পাশাপাশি প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন যোগেন চৌধুরী। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, পাশাপাশি প্রকাশিত হয়েছে গ্রন্থও। সাহিত্যচর্চার অংশ হিসেবে কবিতাও লিখেছেন তিনি।
দেয়ালে ছবি এঁকেই শিল্পচর্চার শুরু: কলকাতায় পরিবারের সঙ্গে শুরুর দিনগুলোতে কাকার বাসভবনের দেয়ালে ছবি আঁকার মধ্য দিয়ে যোগেন চৌধুরীর শিল্পচর্চার সূচনা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই শুরুর পথ পেরিয়ে তিনি হয়ে ওঠেন ভারতের আধুনিক চিত্রকলার পরিচিত ও স্বতন্ত্র এক নাম। শিল্পী হিসেবে তার সৃষ্টিকর্মের পাশাপাশি শিক্ষক, লেখক ও শিল্পভাবুক হিসেবেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
