Published on
:
1 min read
এই সময়: টিম বদলেও মনোভাব বদলাচ্ছে না বাংলারএই সময়: কল্যাণীর মাঠে দিল্লিকে হারিয়ে এ বার নয়াদিল্লিতে জেতার লক্ষ্যে বাংলা। আজ রবিবার রাজধানীর পালামে শুরু দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সার্ভিসেস। যারা প্রথম ম্যাচে মহারাষ্ট্রের কাছে হেরেছে।
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে কল্যাণীর বাংলার সঙ্গে সার্ভিসেস ম্যাচের বাংলার কিছু ফারাক রয়েছে। আকাশ দীপ আর মুকেশ কুমারকে পাচ্ছে না বাংলা। দু’জনেই নিউ জ়িল্যান্ড ‘এ’ টিমের বিরুদ্ধে ভারতীয় ‘এ’–র স্কোয়াডে রয়েছে। আকাশ আবার কিউয়িদের বিরুদ্ধে মূল টেস্ট স্কোয়াডেও আছেন। আকাশ আর মুকেশ না থাকায় তাঁদের বদলি হিসেবে টিমে আসতে পারেন সূরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। সামি নিজেও থাকবেন এই স্কোয়াডে।
প্রশ্ন হলো, বাংলা কি তিন পেসারে খেলবে? ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনের সাফ কথা, ‘পালামের উইকেট স্লো বলেই শুনেছি। তবে এটাও ঠিক, সার্ভিসেস টিম প্রথম ম্যাচে তিন পেসারে খেলেছে। পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’ যদিও ঘটনা হলো, শুক্রবার পালমের মাঠ ভিজে থাকায় প্র্যাক্টিস করতে পারেননি বাংলার ক্রিকেটাররা।
আকাশ, মুকেশকে না পাওয়াকে বড় করে দেখতে নারাজ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তাঁর বক্তব্য, ‘আমাদের টিমে যে–ই খেলুক, সে একই রকম লড়াকু মানসিকতা নিয়ে খেলবে।’ সোজা কথায়, অ্যাটাকিং মোড থেকে সরতে চাইছে না টিম বাংলা। একই সঙ্গে বাংলার জন্য ভালো খবর, ফিট হয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন শাহবাজ আহমেদ। শেষ কয়েক বছরে টিমের অন্যতম সেরা ম্যাচ উইনার স্পিনার–অলরাউন্ডার শাহবাজই। তাই রঞ্জির দ্বিতীয় ম্যাচের আগেও আত্মবিশ্বাসের অভাব নেই লক্ষ্মী অ্যান্ড কোম্পানির।
