Published on
:
1 min read
এই সময়: নামী ব্যবসায়ীর পরিচয় দিয়ে এবং বিলাসবহুল জীবনযাপনের ছবি দেখিয়ে ২০ জন মহিলা কনস্টেবলকে টোপে ফেলেছিলেন তিনি। প্রথমে ডেটিং, তার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২৪ লক্ষ টাকা হাতানো! দিল্লির ২০ জন মহিলা কনস্টেবলের সঙ্গে এই প্রতারণার অভিযোগেই গ্রেপ্তার হয়েছে ২৬ বছরের বিক্রান্ত তোমর। নিজেকে ‘ভিকি’ বলে পরিচয় দিয়ে প্রতারণা চালাতেন তিনি। প্রতারিত মহিলা কনস্টেবলরা একই ব্যাচের বলে জানা গিয়েছে। স্পোর্টস কোটায় কী ভাবে পুলিশে চাকরি পাওয়া যায়, সেই পরামর্শ চাওয়ার অছিলায় তিনি আলাপ জমাতেন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে।
পুলিশের দাবি, ইনস্টাগ্রাম পোস্টে দামি গাড়ি, নামী রেস্তোরাঁয় খাওয়াদাওয়া এবং বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিয়ো পোস্ট করে নিজেকে ধনী ব্যবসায়ী হিসেবে তুলে ধরতেন অভিযুক্ত। মহিলাদের বিশ্বাস অর্জনের জন্য দামি গাড়ি ভাড়া করে তাঁদের ঘোরাতেন। ঘনিষ্ঠতা বাড়তেই নানা অছিলায় ওই মহিলাদের থেকে টাকা চাইতেন। বিভিন্ন খাতে লগ্নি করলে পরে বড় অঙ্কের লাভ হবে বলেও ভুয়ো প্রতিশ্রুতি দিতেন। কিন্তু কেন কনস্টেবলদেরই টার্গেট করতেন তিনি?
পুলিশসূত্রে খবর, এক মহিলা কনস্টেবলের সঙ্গে লিভ–ইন করতেন বিক্রান্ত। সেই প্রেমিকার থেকেই তাঁর ব্যাচমেটদের কানেকশন জোগাড় করেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রতারণার টাকা কোথায় গিয়েছে, জানতে আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত চলছে।
