যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবারও শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসের শুরুর দিকে এ আলোচনা হতে পারে। বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগের অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সেন্ট পিটার্সবার্গের একটি বিশাল রাজপ্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুতিনের সঙ্গে উইটকফের এটি ছিল নবম সরাসরি বৈঠক। বৈঠক শেষে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া কারাবন্দি মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র কখনো কখনো রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ রাখছে এবং ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থায় বাধা সৃষ্টি করছে।
নির্বাচনি প্রচারে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, নতুন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর বা এর পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল গত ফেব্রুয়ারিতে।
তবে আগের দিন অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটো জোটের প্রতিনিধিদের সঙ্গে উইটকফের বৈঠকের ফল নিয়ে ক্রেমলিন খুব একটা আশাবাদী নয়।
উইটকফ পুতিনকে জানিয়েছেন, ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।
সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।”
ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
বুধবারের আলোচনায় ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন বিশেষ দূত উইটকফকে পুতিন বলেছেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে এই সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব মস্কো বারবার দিয়েছে।
পুতিনের মতে, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং তা প্রয়োজনীয়।
উইটকফের সঙ্গে বৈঠকে আগামী মাসে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও আলোচনা হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, চীন ইতিমধ্যে এ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে ইতিহাসে এই প্রথম তিন দেশের শীর্ষ নেতারা একসঙ্গে এমন বৈঠকে বসবেন।
এমএ
