রোনালদোর আচরণে ক্ষুব্ধ রুনি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি:সংগৃহীত
-->ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জাতীয় দল ছাড়ার ঘটনা ভালোভাবে নেননি তার সাবেক ম্যানইউ সতীর্থ ওয়েইন রুনি। কোচ ও সতীর্থদের প্রতি রোনালদোর আচরণকে ভুল উল্লেখ করে ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়টি রোনালদো ভালোভাবে সামলাতে পারছেন না।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় পাওয়া নিয়ে বিরোধে জড়িয়ে দলীয় শিবির ছাড়েন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি নিজেকে পেলে ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর সঙ্গে খেলা রুনি বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘রোনালদোর আচরণ দেখে আমার মনে হয়েছে, কেন এমন করল সে? যেদিন লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিদায়ের ঘোষণা দিচ্ছিল, সেদিনই রোনালদো পর্তুগাল দল ছাড়ল এবং এমন বিবৃতি দিল। সব দিক থেকেই এটা ভুল।’
রুনির মতে, এভাবে কোচ, সতীর্থ ও পর্তুগাল ফুটবল ফেডারেশনকে বিব্রত করা উচিত হয়নি রোনালদোর।
তিনি বলেন, ‘একজন সতীর্থ ও কোচের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে ভালো লাগেনি। প্রত্যেক খেলোয়াড়কেই একসময় আন্তর্জাতিক ফুটবল শেষ করতে হয়। দুর্ভাগ্যজনকভাবে রোনালদো বিষয়টি ভালোভাবে সামলাতে পারছেন না।’
রোনালদোর বিবৃতিতে কোচ সংবাদ সম্মেলনে কী বলবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি রুনি। তাঁর ভাষায়, ‘কোনো কোচকে কী বলতে হবে, তা আপনি বলে দিতে পারেন না। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি।’
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। এ সময়ে তাঁরা জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
আরও পড়ুন
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি:সংগৃহীত
-->আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের কয়েক ক্রিকেটারের। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। উন্নতি করেছেন লিটন কুমার দাস ও ইবাদত হোসেনও।
বুধবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন হাসান। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে পান আরও একটি উইকেট। ইবাদত দুই ইনিংসে সাত উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে।
চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের তালিকায় দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে লিটন। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ১৮তম ও নাজমুল হোসেন শান্ত ২১তম স্থানে রয়েছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন মিরাজ।
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজের কাঠগড়ায় ম্যানইউর কর্তারা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অস্বস্তি আরও বাড়িয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ক্লাবের শীর্ষ কর্তাদেরও কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। বিশেষ করে দলবদলের বাজারে খেলোয়াড় সংগ্রহ নিয়ে ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আতলেতিকোর মাঠে হারের পর সম্প্রচারমাধ্যম অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে লিসান্দ্রো বলেন, ‘আমাকে নিজেকে অনেক নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে কখনো কখনো এটা আমাদের ক্লাবের বর্তমান অবস্থার প্রতিফলনও। গত মৌসুমে আমরা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি।’
‘এখন আমরা ওপরের সারির কর্তাদের কাছে আরও প্রত্যাশা করি, আরও খেলোয়াড় আনার প্রত্যাশা করি, যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কারণ, অনেক দলই অনেক খেলোয়াড় দলে এনেছে। আতলেতিকোরও অসাধারণ একটি দল ছিল এবং তারা জয়ের যোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছে আরও বেশি প্রত্যাশা করি। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদেরও আরও ভালো করতে হবে। তবে এমন রাতের জন্য প্রস্তুত থাকতে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।’
ম্যানইউ মৌসুম শুরুর আগে কার্লোস বালেবা, ইউরি টিয়েলেমানস ও আন্দ্রে সান্তোসের মতো খেলোয়াড়দের পেছনে প্রায় ২১ কোটি ৩০ লাখ ডলার খরচ করেছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার পরও মাঠের পারফরম্যান্সে সেই বিনিয়োগের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে হতাশা বাড়ছে।
মাদ্রিদে হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন রইল ম্যানইউ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান ১৩তম। গত মৌসুমের প্রসঙ্গ টেনে লিসান্দ্রো বলেন, ‘গত মৌসুমে আমরা সবকিছু দিয়েছি। একটি অসাধারণ দল হয়ে ওঠার ভিত্তি তৈরি করেছি। এখানে এসে এমন ফল পাওয়া হতাশাজনক, বিরক্তিকর। এখানে এসে আমি আমার দলকে অসাধারণ একটি ফল পাওয়ার জন্য চেষ্টা করতে দেখছি না। এটা হতাশাজনক।’
মঙ্গলবার ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন আতলেতিকোর পাবলো বারিওস। দ্বিতীয়ার্ধে আদেমোলা লুকম্যানের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। এই হার ম্যানইউনা কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়াবে। তবে শুধু কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন লিসান্দ্রো মার্তিনেজ।
আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘আপনারা কোচ পরিবর্তন করতে থাকেন, পরিবর্তন করতে থাকেন, পরিবর্তন করতেই থাকেন। কিন্তু অন্য বিভাগগুলোর কী হবে?’
অনিক/
আরও পড়ুন
ম্যানসিটির শিরোপা কেড়ে নেওয়ার বিপক্ষে এনরিকে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->আর্থিক অনিয়মের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারানোর শঙ্কায় রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে জেতা ট্রফিগুলো সিটির কাছেই থাকা উচিত বলে মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ম্যানসিটির পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মাঠে অসাধারণ ফুটবল খেলেছে ক্লাবটি এবং তাদের অর্জিত শিরোপাগুলো কেড়ে নেওয়া উচিত নয়।
চ্যাম্পিয়ন্স লিগে আজ (রাতে) ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে পিএসজি ও ম্যানসিটি। টানা দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির কোচ হিসেবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ম্যানসিটির আর্থিক অনিয়মের প্রসঙ্গেও কথা বলেন এনরিকে।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সিটির বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া, এমনকি ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে বহিষ্কারের মতো শাস্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, যে নয় বছরের সময়কালে ক্লাবটি কৃত্রিমভাবে নিজেদের আয় ১০০ কোটি ডলারের বেশি বাড়িয়ে দেখিয়েছিল বলে অভিযোগ রয়েছে, সেই সময়ে জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়ার দাবিও উঠেছে।
এনরিকে বলেন, ‘আমি আশা করি, ম্যানচেস্টার সিটির সবকিছু ভালোভাবে মিটে যাবে। কারণ, গত কয়েক বছরে মাঠে তারা যা করেছে, তা অবিশ্বাস্য। তারা যে ট্রফিগুলো জিতেছে, সেগুলোর সবই জয়ের যোগ্যতা তাদের ছিল। মাঠে যে ট্রফি জেতা হয়, তা মাঠেই থাকা উচিত। তারা সেগুলো জেতার যোগ্য ছিল। আশা করি, তারা শাস্তি এড়াতে পারবে।’
তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথাও বলেছেন পিএসজি কোচ। তার ভাষায়, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে, কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় কিংবা বিচারক কী বলেন, তা দেখার জন্য।’
আবুধাবির মালিকানাধীন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। এই সময়ের মধ্যে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ম্যানসিটি।
অনিক/
আরও পড়ুন
ধবলধোলাই এড়াতে পারল না মেয়েরা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের পর এবার অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সিরিজে নাকাল হয়েছে টিম টাইগ্রেসরা। তিন ওয়ানডের সবকটি হেরে হয়েছে ধবলধোলাই।
ব্রিসবেনে আজ (১৪ অক্টোবর) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার জর্জিয়া ভলকে এলবির ফাঁদে পেলেন সুলতানা খাতুন। ৬ বলে ২ চারে ১১ রান করেন তিনি। খানিকবাদে আরেক ওপেনার বেথ মুনিকে (১৪) শিকার বানান দিশা বিশ্বাস।
এরপর এলিসা পেরি এবং অ্যানাবেল সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে জয় দেখে অস্ট্রেলিয়া। দুজনেই তুলেন নেন হাফসেঞ্চুরি। পেরি ৬৫ এবং সাদারল্যান্ড ৭৪ বলে অপরাজিত ছিলেন।
মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মেগান স্কুট। সিরিজ সেরাও হয়েছেন তিনি। সব মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন স্কুট।
অনিক/
