সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।
বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে এবং অনেককে ভোগান্তিতে পড়তে হয়েছে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে বিমানবন্দরের কার্যক্রম সীমিত করেছে রিয়াদ। বন্ধ রাখা হয়েছে অনেক বিমানবন্দর।এতে ফ্লাইটের চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ভ্রমণসূচি পরিবর্তনসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।
