দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৩০৮ জন। এর মধ্যে কেবল অক্টোবরের প্রথম ১১ দিনেই মারা গেছেন ৬২ জন। যা ডেঙ্গুর ভয়াবহ বিস্তারকে নির্দেশ করছে। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও মাসের প্রথম দুই মাসে প্রতি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও উল্লেখ করা হয়, রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৪২৮ জন রোগী। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৩৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৭১ জন। এ ছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত এই রোগের প্রকোপ রোধে সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে মশা নিধন কার্যক্রমে আরও কঠোর ও গতিশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তারা।
