গাজীপুর সদর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর দুজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), তাদের সন্তান সোহাদ (৪) ও সায়ান (৫)। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান তারা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিন প্রধানের ১ শতাংশ পুড়ে গেছে।
তিনি জানান, দগ্ধ চারজনের মধ্যে মা সেলিনা আক্তার ও বড় ছেলে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অপর দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/২৩/১০/২০২৬
