নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ২৫
নিজস্ব প্রতিবেদক, নাটোর
- আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
দুর্ঘটনাটি ২০১৪ সালের ২০ অক্টোবরের মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। সেদিন বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে দুই বাসের সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছিলেন। ১২ বছর পর একই তারিখে আবারও বড়াইগ্রামে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।
ওসি মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাতে বরগুনা থেকে যাত্রী নিয়ে আরপি স্পেশাল পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাসটি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুরুদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শালাল মোল্লা (৪৫), কাজিরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাসচালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের তাছফিয়া খাতুন (৮)। অন্য নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
