স্টাফ রিপোর্টার।।
নদীবেষ্টিত দ্বীপজেলা ভোলার শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা সদর উপজেলার সুইমিং পুল কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মার্শাল আর্ট কোচ ও প্রশিক্ষক মোঃ আব্দুর রহমান হেলাল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাঁতার প্রশিক্ষক আব্দুল মোমেন এবং স্কাউট প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
![]()
আয়োজক সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সাঁতারের প্রয়োজনীয় কৌশল, পানিতে চলাচলের দক্ষতা ও নিরাপত্তাবিষয়ক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাঁতার শেখার আগ্রহ বাড়ার পাশাপাশি ভবিষ্যতে দক্ষ সাঁতারু তৈরির পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ পেলে তরুণ প্রজন্ম শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। একই সঙ্গে মাদক, ইভটিজিং এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতেও ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা বলেন, ভোলার মতো নদীবেষ্টিত জেলায় সাঁতার শেখার গুরুত্ব আরও বেশি। সঠিক প্রশিক্ষণ শিশু-কিশোরদের পানিতে নিরাপদ থাকার কৌশল শেখানোর পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড় তৈরিতেও সহায়তা করবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন।
![]()
ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিন জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পর্যায়ক্রমে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় উঠে আসবে।
সাঁতার প্রশিক্ষণ শেষ হওয়ার পর বিনা মূল্যে মার্শাল আর্ট প্রশিক্ষণ ক্যাম্প চালুরও পরিকল্পনা রয়েছে। জেলা মার্শাল আর্ট কোচ ও প্রশিক্ষক মোঃ আব্দুর রহমান হেলাল এবং সহকারী প্রশিক্ষক মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাঁতার ও মার্শাল আর্টের মতো ক্রীড়া কার্যক্রম সম্প্রসারিত হলে ভোলার শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা, আত্মরক্ষার দক্ষতা ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। ধারাবাহিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ভোলার প্রতিভাবান শিক্ষার্থীরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে।