রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৫টার দিকে প্লাজার ছয়তলার একটি দোকানে আগুনের সূত্রপাত। পরে তা পাশের ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। রাত ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, পুরান ঢাকার চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠ তলায় একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৫টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রচণ্ড ধোঁয়া এবং রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের অনেকটা বেগ পেতে হয়। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
