নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালাবদ্ধ করে বাসায় চলে যান।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কক্ষে প্রবেশ করে কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post নোয়াখালীতে হাসপাতালের কক্ষের গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি appeared first on ভোরের চেতনা.
