সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে শাহেদও ছিলেন। ওই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। হামলায় আরও ২৭ বাংলাদেশি আহত হন।
মরদেহ হস্তান্তরের সময় শাহেদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে দাফন ও যাতায়াত খরচ বাবদ ৩৫ হাজার এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা রয়েছে।
এ ছাড়া শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা দিয়েছে। শিগগিরই এই অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, শাহেদের বিএমইটি কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকলে তাঁর পরিবার আরও ৩ লাখ টাকা সহায়তা পেতে পারে। পাশাপাশি, প্রযোজ্য বিমা সুবিধার আওতায় আরও ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
