আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটির রিজার্ভ বাজারের শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেন এসআরবি-৭ (হাটহাজারী) শাখার স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. আশরাফুল ইসলাম। এর আগে তিনি ও এসআরবির সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর থাকার বিষয়টি প্রেসব্রিফিংয়ে তুলে ধরা হয়। দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটিতে সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছে এসআরবি বাহিনী।
এ সময় তিনি আরও বলেন, এসআরবি-৭ চট্টগ্রামের অধীনে হাটহাজারী ক্যাম্পও রাঙামাটি জেলার দায়িত্বে রয়েছে। এসআরবি-৭ হাটহাজারী রাঙামাটিসহ ছয়টি উপজেলা নিয়ে কাজ করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তাই সবাই যেন মিলেমিশে সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে তাঁরা কাজ করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এসআরবি-৭-এর পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপের পুরোহিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
