মিষ্টিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি হালুয়া হল কর্ণাটক স্পেশাল কাশী হালুয়া। শুধুমাত্র চালকুমড়ো থেকেই যে এমন ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করা যেতে পারে তা এই কাশী হালুয়া না খেলে বোঝা যাবে না। এটা এমন এক ধরনের মিষ্টি যা বিয়ে বা অন্যান্য পুজো পার্বণের দিনেও তৈরি করা হয়। স্বাদে এবং গন্ধে তো বটেই এই হালুয়ার হালকা উজ্জ্বল রং-ও একে অন্যান্য মিষ্টির থেকে আলাদা করে তোলে।
কাশী হালুয়া বানানোর উপকরণ
৫০০ গ্রাম চালকুমড়ো, ১৫০ গ্রাম চিনি, ২ টেবিল চামচ ঘি, ৭-৯ টি জাফরান, কুচানো কাজু, ড্রাই ফ্রুট। চালকুমড়ো দিয়ে তৈরি এই হালুয়াতে জাফরান যোগ করলে এর স্বাদ এবং সুগন্ধ দুই'ই বাড়ে।
কাশী হালুয়া বানানোর পদ্ধতি
প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে, বীজ ফেলে চালকুমড়ো ধুয়ে নিন। তারপর চালকুমড়োটা ভালো করে কুড়িয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে সামান্য ঘি গরম করে কাজুবাদামগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
এরপর কড়াইতে সামান্য ঘি গরম করে নিতে হবে। তারপর আগে থেকে কুড়িয়ে রাখা চালকুমড়ো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। প্রায় তিন থেকে চার মিনিট ধরে ক্রমাগত নাড়তে হবে। তারপর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে। যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।
চিনি গলে গেলে মিশ্রণটি আবার কিছুটা নরম হবে। তখন আঁচ মাঝারি রেখে ক্রমাগত নাড়তে হবে।এরপর ধীরে ধীরে হালুয়া ঘন হতে শুরু করবে। তখন আরও কিছুটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে দিতে শুরু করলেই ভাজা কাজুবাদাম আর জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।
ব্যাস তাহলেই তৈরি একেবারে ভিন্ন স্বাদের মিষ্টি হালুয়া। কর্ণাটকের বিখ্যাত এই মিষ্টিটি যেকোনো বিশেষ দিনে অতিথি আপ্যায়নের জন্য কিংবা পুজোর দিনেও বিশেষ মিষ্টি হিসাবে বানানো যেতে পারে। তবে সবশেষে কাজুবাদাম কুচি কিংবা রান্নার সময় ঘি অথবা চিনি আপনারা আপনাদের পছন্দ মত কমবেশি করতেই পারেন।
