কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্যু
-
মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধি - আপডেট সময় ০৩:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- ৫০৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীর সংবেদনশীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের সময় উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলে আলী হাজারী ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিনের (১৮) মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হলেও প্রায় ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয়টিকে কেন্দ্র করে জেরিনের স্বজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মোহাম্মদ মাহফুজ বটতলী বাজারে গিয়ে দেলোয়ারের আত্মীয় ফজলে আলী হাজারীর কাছে ভিডিও প্রকাশের কারণ জানতে চান। জবাবে ফজলে আলী জানান, দেলোয়ার বর্তমানে বাড়িতে নেই; সে ফিরলে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাহফুজ বৃদ্ধ ফজলে আলী হাজারীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Tag :
জনপ্রিয় সংবাদ
