অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আদালত আগামী ৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তৃতীয়বারের মতো পেছাল।
আজ বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর, ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়।
আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মামলাটি তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী অভিযোগপত্রে নারাজি জানালে ১৫ জানুয়ারি আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এরপর ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা দাখিল না হওয়ায় প্রথমে ২৫ জানুয়ারি এবং পরে আজকের দিন ধার্য করা হয়। আজও প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন করে সময় বাড়ালেন।
