কালবেলা · স্বাস্থ্য
অর্থসংকটে বন্ধ মা-মেয়ের চিকিৎসা, বিত্তবানদের সহায়তা কামনা
২৪/১০/২০২৬

অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে অসুস্থ মা-মেয়ের চিকিৎসা। একদিকে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নি, অন্যদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ মা পূর্ণিমা বেগম। দুজনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশাহারা বাবা শেখ আহমদ। মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা এবং স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
জানা গেছে, মুন্নির কোমরের পেছনে টিউমার হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। তবে অস্ত্রোপচারের পরও সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। বর্তমানে প্রতি মাসে তিন-চারবার জ্বরে আক্রান্ত হচ্ছে সে। তার চিকিৎসা ও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।
এদিকে মুন্নির মা পূর্ণিমা বেগমও গত পাঁচ থেকে সাত বছর ধরে টনসিলের সমস্যায় ভুগছেন। বর্তমানে অপারেশন করা প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার অপারেশন করানো সম্ভব হচ্ছে না।
মা-মেয়ের চিকিৎসায় অনেক টাকা ব্যয় করে এখন অসহায় হয়ে পড়েছেন শেখ আহমদ। পরিবারের অন্য দুই সন্তানের পড়াশোনার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। অর্থের অভাবে যেন মা-মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: ০১৬৭৬-০৮৮ ৩৪১
মূল প্রতিবেদনে যান ↗