বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ রাসেল (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী গ্রামের কাপ্তাইশিয়া পাহাড়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাসেল একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হলুদিয়াশিয়া এলাকার বাসিন্দা। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ফুসলিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা ছাবের মাহমদ (৪৩)।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে কিশোরীর বাবা থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলার পরপরই অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর জবানবন্দি ও অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হওয়ার পরপরই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-২০, তারিখ ১৮ অক্টোবর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ৯(১) ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।
The post বিয়ের প্রলোভনে কিশোরীকে ‘ধর্ষণ’, নাইক্ষ্যংছড়িতে যুবক গ্রেপ্তার appeared first on বাংলাধারা.
