নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় চার জেলেকে ১৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুশফিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশকে সঙ্গে নিয়ে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর ভোলার চরসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে জাল ও মাছসহ চার জেলেকে আটক করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেন। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে একই অপরাধে আরও তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার, পরিবহন ও মজুত নিষিদ্ধ রয়েছে।
এমএস/
