শিশুদের নিয়মিত মসজিদে আসা ও জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকেরা। তাদের আয়োজিত টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে অংশ নিয়ে ১৪ শিশু পেয়েছে বাইসাইকেল। এ ছাড়া আরও পাঁচ শিশুকে দেওয়া হয়েছে টেবিল লাইট।
শুক্রবার (২৩অক্টোবর) বিকেলে পশ্চিম মসূয়া বাইতুল আকসা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।
বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন।
এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পুরস্কার দেওয়ার পাশাপাশি শিশুদের নিয়মিত জামাআতে নামাজ আদায়ে আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করার এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে প্রবাসে থেকেও এলাকার শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। তাদের আশা, পশ্চিম মসূয়া গ্রামের এ উদ্যোগ অন্য এলাকার মসজিদগুলোতেও অনুপ্রেরণা জোগাবে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এমটিআই
