রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী। রবিবার (১৮ অক্টোবর) রাতে পূজামণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।
বারিধারা পূজা উদযাপন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস এবং পরিচালক সঞ্জয় কুমার ভারতীয় হাইকমিশনার ও তার সহধর্মিণীকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব সালাউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা মিশা চৌধুরী, রাজেশ কুমারসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।
দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের মানুষের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, এবারের দুর্গাপূজায় সব ধর্মের মানুষের অংশগ্রহণ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, শুধু বাণিজ্য নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বন্ধন অন্যান্য ক্ষেত্রেও অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বারিধারা পূজা উদযাপন কমিটির সভাপতি দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
