পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাদধসের পর ২১ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় ২০ শিশু আহত হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর এক নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়।
এদিকে প্রাদেশিক রাজধানীতে স্কুলের ছাদ ধসে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) মিয়া সাঈদ।
এর আগে উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, স্কুলের ছাদধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়েছে।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।
এদিকে প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম এ দুর্ঘটনার বিষয়ে শুক্রবারের (১৬ অক্টোবর) মধ্যে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনায় নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষা সচিব।
