সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রেখে ২৪ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিঃ এর ইনচার্জ আবুল কালাম আজাদ । আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন এবং সি এন্ড এফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চারদেশীয় ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্তে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ জানান আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ১৭, ১৮ ও ১৯ অক্টোবরসহ নির্ধারিত সময়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমের সহকারী রাজস্ব অফিসার রাশেদ বলেন সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে আমদানি রপ্তানি কার্যক্রম থাকলেও কাস্টমস সংশ্লিষ্ট সকল বিষয়ে জানা যাবে ছুটি শেষ হলে ২৫ অক্টোবর সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম আগের মতই চলবে ।
