কুমিল্লার লাকসামের আজগরা এলাকায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে উদ্ধারকাজ পরিদর্শনে এসে তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বুধবার দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পরই চালক ট্রেনটি থামিয়ে দেন।
দুর্ঘটনার বিষয়ে ট্রেনের চালক মোয়াজ্জেম হোসেন বলেন, রেলপথের সংস্কারকাজ চলছিল যা আগে জানানো হয়নি। গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষতি কম হয়েছে।
এদিকে, ঢাকাগামী আপলাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রেখে দ্রুত মূল লাইন সচল করার কাজ চলছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: প্রকৌশলী
১৩ এপ্রিল ২০২৬
১০ সেপ্টেম্বর ২০২৩
