কালবেলা · আন্তর্জাতিক
কারাবন্দি সু চিকে উপহার পাঠালেন ব্রিটিশ রাজা চার্লস
২০/১০/২০২৬

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির কাছে উপহার পাঠিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। উপহার হস্তান্তরের বিরল কিছু ছবিও প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সু চির কাছে রাজা চার্লসের পাঠানো দুটি বাগানবিষয়ক বই পৌঁছে দিয়েছেন।
বই দুটি মাটির বিষয়ে লেখা। এর সঙ্গে একটি সিলগালা খাম ও একটি সিলগালা কূটনৈতিক প্যাকেটও ছিল। বাগান করা ও পরিবেশের প্রতি আগ্রহ রয়েছে ব্রিটিশ রাজার।
প্রকাশিত ছবিতে কাঠের প্যানেলযুক্ত একটি কক্ষে সু চিকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তার পেছনের দেয়ালে একটি কাগজের ক্যালেন্ডার ঝুলছিল।
নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চি মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতা জেনারেল অং সানের মেয়ে। গণতন্ত্রের পক্ষে আন্দোলন করায় জীবনের বড় একটি সময় তাকে কারাবন্দি থাকতে হয়েছে। বর্তমানে রাজধানী নেপিদোর অজ্ঞাত স্থানে কারাবন্দি অবস্থায় একাধিক সাজা ভোগ করছেন তিনি।
২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলেও ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এ যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। গত আগস্টে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তার সঙ্গে দেখা করার আগে সু চির অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন ছিল।
সু চির ছেলে কিম অ্যারিস রাজা চার্লসের উপহারের জন্য কৃতজ্ঞতা জানালেও সতর্ক করে বলেছেন, এ ঘটনাকে কাজে লাগিয়ে সামরিক সরকার যেন আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা না করে। তার ভাষায়, তার মায়ের মৌলিক মানবাধিকার এখনো লঙ্ঘিত হচ্ছে।
এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড লেবার অ্যাডভোকেটসের পরিচালক ফিল রবার্টসনও বলেছেন, ছবিগুলো প্রকাশ মিয়ানমারের সামরিক সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের প্রচেষ্টার অংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান
মূল প্রতিবেদনে যান ↗