লেগ স্টাম্পের সামনে পড়া বল স্লগ করলেন লিটন দাস, একাডেমি মাঠের নেট থেকে উড়ে তা এলো মিডিয়া ভবনের কাছে। বেশ অনায়াসে খেলা তার ট্রেডমার্ক শটই। তেমন কোনো অস্বস্তি বোধও করতে দেখা গেল না ডানহাতি ব্যাটারকে। অবশ্য ঘণ্টাখানেকের নেট সেশনে বড় শট মেরেছেন ওই একটি।
ছবি: ফিরোজ আহমেদ
চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা কিপার-ব্যাটার নেটে ব্যাট করছিলেন কিছুটা যেন সতর্ক হয়ে। থ্রো ডাউনের পাশাপাশি অফ স্পিনার নাঈম হাসান ও নেট বোলারদের সামলেছেন তিনি। কিছু বল খেলার পর নন-স্ট্রাইকিং প্রান্তে গিয়ে করেছেন স্ট্রেচিং। এসময় স্পিনারদের নিয়ে অনুশীলন তদারকিতে থাকা মুশতাক আহমেদ বনে যান ব্যাটিং কোচ।
ছবি: ফিরোজ আহমেদ
পাকিস্তানি স্পিন বোলিং কোচ শরীরের ভারসাম্য ও কাঁধের অবস্থান নিয়ে লিটনকে কিছু একটা বোঝাচ্ছিলেন। মিরপুর টেস্টের আগে লিটন খেলবেন কিনা তা ছাড়া বাংলাদেশের দলের কোন সংশয়ের জায়গা নেই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে লম্বা সময় কিপিং ও ব্যাটিং করার প্রভাবে ত্রিদেশীয় সিরিজের ঠিক আগে চোটে পড়েন তিনি। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, হিপ জয়েন্টের চোট, যার ফলে নিয়মিত অধিনায়ককে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ মিশন শেষ করে বাংলাদেশ।
এবারও সামনে টেস্ট। তবে এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় তা ভীষণ গুরুত্বপূর্ণ। শতভাগ ফিট ছন্দে থাকা লিটনকে দরকার বাংলাদেশের। দল ঘোষণার দিন দুয়েক আগেও লিটনকে নিয়ে একটা উদ্বেগ ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত স্কোয়াডে তাকে রাখা হয়েছে। যদিও লিটনের খেলা নির্ভর করছে তার নিজের স্বস্তির ওপর।
ছবি: ফিরোজ আহমেদ
শনিবার দলের অনুশীলনে ছিলেন না তিনি। রোববার অনুশীলনে যোগ দিয়ে সরাসরি আসেন ব্যাট করতে। ব্যাটিং অনুশীলন সারলেও লিটনকে কিপিং অনুশীলন করতে দেখা যায়নি। এমনিতে অবশ্য কিপিংয়ের প্রস্তুতি তাকে সেভাবে নিতেও দেখা যায় না।
বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, লিটনের ফিটনেস নিয়ে এখন আর আলাদা কোনো পর্যবেক্ষণ বাকি নেই। মেডিকেল পরীক্ষায় সমস্যা না থাকায় পর্যাপ্ত বিশ্রামের পর ধাপে ধাপে অনুশীলনের মাত্রা বাড়িয়ে ম্যাচ ফিটনেসের দিকে যাবেন তিনি।
কোন কারণে লিটন খেলতে না পারলে জাকের আলি অনিক তৈরি আছেন। নেটে অনুশীলন করেছেন তিনিও। বাংলাদেশ যদি বোলার কমিয়ে বাড়তি ব্যাটার খেলায় তাহলে বিবেচনায় থাকবেন তাওহিদ হৃদয়। এমনকি লিটন যদি শুধু ব্যাটার হিসেবে খেলেন, তাহলেও একাদশের সমন্বয় আনতে বাড়তি ব্যাটার খেলাতে হবে।
তবে আপাতত খবর, লিটন মিরপুর টেস্টে ফিট হয়েই নামার পথে আছেন।
