সৌদি আরবে হুতি বিদ্রোহীদের তীব্র হামলার কয়েক সপ্তাহের মাথায় এই সতর্কবার্তা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
Published : 20 Oct 2026, 07:42 PM
Updated : 20 Oct 2026, 07:42 PM
সৌদি আরবে ইয়েমেনের হুতিদের হামলা চলতে থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা আকাশপথে হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছিল। সৌদি কর্তৃপক্ষ এই সতর্কবার্তা পাঠায়।
সংবাদমাধ্যম এএফপি-র সংবাদদাতারা এমন কিছু ফোন বার্তা পান যেখানে 'শত্রুপক্ষ থেকে আকাশপথে হুমকি' সম্পর্কে সতর্ক করা হয়।
সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের তীব্র হামলার কয়েক সপ্তাহের মাথায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে পরে তা প্রত্যাহার করা হয়।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদে বিপদের সম্ভাবনা নিয়ে সতর্ক করতে ‘জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্ম’ থেকে সতর্কতা জারি করা হয়েছিল।
তারা পাশের আল-খার্জ এলাকার জন্যও একই সতর্কবার্তা দেওয়ার কথা জানায়।
তবে ‘দ্য ডন’ পত্রিকার খবরে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিক প্রতিরক্ষা সংস্থা ইতোমধ্যেই সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে এবং জানিয়েছে যে, বিপদ কেটে গেছে।
সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হুতিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর তারা ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলনে সশরীরে অংশগ্রহণ বাতিল করছেন।
এই বিনিয়োগ সম্মেলনটি ২৬ থেকে ২৯শে অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ওদিকে, ইয়েমেনেও লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছে।
দক্ষিণ ইয়েমেনে সদ্য নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
