প্রকাশিত: ১৭:৪৮, ২৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:০২, ২৪ অক্টোবর ২০২৬
তুলনার আকস্মিক মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে
মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসার আক্রান্ত তুলনার বয়স হয়েছিল ৩৯ বছর।
তুলনার মা আমেনা বেগম জানান, প্রায় ৬ মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রাজধানীর আহছানিয়া মিশন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত ২০ অক্টোবর তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, তত দিনে তার শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
পরের ঘটনা বর্ণনা করে তুলনার মা আমেনা বেগম বলেন, “অপারেশনের পরের দুদিন শারীরিকভাবে বেশ ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। বেশ হাসিখুশি ছিল আমার মেয়েটা। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খুব দ্রুত অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১১টায় তুলনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।”
দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। তার বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে বলে জানান তার মা।
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের নানা আয়োজনে যুক্ত ছিলেন এই শিল্পী।
বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তুলনা। এ তালিকায় রয়েছে—‘বাড়ি ছেড়ে হোস্টেলে ওঠে মেয়েটি’, ‘তাহাদের কথা’, ‘দিনবদল’, ‘অন দ্য আদার সাইট’ প্রভৃতি।
